মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ–এর গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়েছে এবং ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির আহমেদ (২১)–কে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দ্বিতীয় আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০)–কে নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। একইদিনে অপর আসামি তাহিরুল হক (২০)–কে তার শ্বশুরবাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর সাব্বির ও শোভন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় থেকে আগুনে পোড়া অবস্থায় বোরহান উদ্দিন শফির (৫৯) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জকিগঞ্জ থানা–য় মামলা দায়ের করা হয়। পরে ১৮ ফেব্রুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার অন্যান্য আলামত সংগ্রহ ও জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত বোরহান উদ্দিন শফি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছিলেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা এয়ারপোর্ট থানা–য় একটি সাধারণ ডায়েরি করেন।
মন্তব্য করুন