মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি জগন্নাথপুর ::
সুনামগঞ্জের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগ–এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর কার্যালয়টি ভাঙচুর করা হয় এবং এরপর থেকে প্রায় দেড় বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। কিন্তু ১৮ ফেব্রুয়ারি বুধবার হঠাৎ করে কার্যালয়টি খোলা দেখা যায় এবং ভবনের উপরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার ছোট ভাই আমিনুর রশীদ ভূইয়া। তবে এ সময় অন্য কোনো দলীয় নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।
হঠাৎ করে কার্যালয় খোলা ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন—এটি কি সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরুর ইঙ্গিত, নাকি ব্যক্তিগত উদ্যোগে নেওয়া কোনো পদক্ষেপ। বিষয়টি নিয়ে দলীয় বা প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন