স্টাফ রিপোর্টার:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৬নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন-এর কাউন্সিলর পদপ্রার্থী এ এইচ এম জহিরুল হক (হিরু)।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্রজনতার ওপর বর্বরোচিত গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক শাহাদাতবরণ করেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় আমাদের ভাষাগত অধিকার এবং সুদৃঢ় হয় বাঙালি জাতিসত্তার ভিত।
তিনি আরও বলেন, বিশ্ব ইতিহাসে মাতৃভাষার মর্যাদা রক্ষায় এমন ত্যাগের দৃষ্টান্ত সত্যিই বিরল। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যা আজ বিশ্বব্যাপী ভাষার গুরুত্ব, মর্যাদা ও বৈচিত্র্য সংরক্ষণের প্রতীক হিসেবে পালিত হচ্ছে।
বার্তার শেষে তিনি মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাঁদের আদর্শ হৃদয়ে ধারণ করে মাতৃভাষার সম্মান রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মহান ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা।
মন্তব্য করুন