
ফাতেমা রিপা: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটে “হাসির সন্ধানে এএফপিসি” সামাজিক সংগঠনের উদ্যোগে ক্বেরাত ও গজল প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মার্চ আয়োজিত এ কর্মসূচির প্রথম পর্বে পরগণা বাজার সংলগ্ন একটি মহিলা মাদ্রাসায় বিভিন্ন শ্রেণিতে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে প্রায় ৮০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
পরবর্তীতে বটেশ্বর জামিয়া ইসলামিয়া উলূমুল হারামাইন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রায় ৩০টি অসহায় পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আনছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ সকল কার্যক্রম পরিচালিত হয় এবং সংগঠনের অন্যান্য সদস্যরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, “হাসির সন্ধানে এএফপিসি” সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর রমজান ও ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।