শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন ঈদের আগেই পরিশোধ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনের সহায়তায় বিষয়টি মনিটরিং করা হবে।
কর বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী ব্যক্তি খাতে কর বাড়ানোর কথা বলেননি। দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। বর্তমানে এ অনুপাত কম হওয়ায় উন্নয়ন ব্যয়ে চাপ সৃষ্টি হয়। ব্যক্তি পর্যায়ে কর বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই বলে তিনি স্পষ্ট করেন।
রমজানে বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথমদিকে লেবুসহ কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেলেও প্রশাসনিক তদারকির ফলে বাজার এখন স্থিতিশীল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে।
এলডিজি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এতে রপ্তানি খাত সম্প্রসারণ ও শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় উপস্থিত প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজ নিজ মন্ত্রণালয়ের অগ্রাধিকারমূলক কার্যক্রম তুলে ধরেন।